>মাঠে কি শুধু খেলাই হয়? এর বাইরেও কত বিচিত্র সব কাণ্ডকীর্তি। এ বছর সে রকম অদ্ভুত সব ঘটনার কোনো অভাব ছিল না!

ভুল স্টেডিয়ামে
মাঠে নেমেই ব্রেশিনের গোলরক্ষক গ্রায়েম স্মিথ চমকে গেলেন। এ কী, এ রকম শ্মশানের মতো নিস্তব্ধতা কেন! একটু পরই ভুল ভাঙল স্মিথের। যে মাঠে খেলা হবে, সেখানে না গিয়ে ভুলে চলে এসেছে অন্য মাঠে! কিন্তু স্কটিশ প্রথম বিভাগে স্টিনহাইসমুইরের সঙ্গে ম্যাচটা তো ৯০ মিনিট পরেই। ঝড়ের বেগে গাড়ি চালিয়ে ৮৩ মাইল পাড়ি দিলেন স্মিথ। ভাগ্য ভালো, খেলা শুরুর একটু আগেই পৌঁছাতে পেরেছিলেন মাঠে!
গেটাফের ভালোবাসা
মাঠে সমর্থকেরা সেভাবে আসছে না, গ্যালারিও খাঁ খাঁ করছে। লা লিগার ক্লাব গেটাফে বের করল দারুণ একটা বুদ্ধি। ‘গেটাফাইন্ডার’ নামে সমর্থকদের জন্য স্মার্টফোনে একটা অ্যাপ ছাড়ল। শুধু গেটাফের স্টেডিয়ামের কাছে এলেই সেই অ্যাপ কাজ করবে। মাঠে কোনো নিঃসঙ্গ সমর্থক থাকলে এই অ্যাপ দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে। আর সেটা থেকে যদি মন দেওয়া-নেওয়া হয় তাহলে তো কথাই নেই। বুদ্ধি বটে!
মাঠে পিস্তল
খেলোয়াড়েরা একটু বেশি বেগড়বাই করছিলেন, বারবারই জড়িয়ে পড়ছিলেন হাতাহাতিতে। একটু পরই পরিস্থিতিটা চলে গেল নিয়ন্ত্রণের বাইরে, খেলোয়াড়দের কেউ রেফারিকেই লাথি মেরে বসলেন। এমন পরিস্থিতিতে রেফারি কী করবেন? ব্রাজিলের শৌখিন লিগের রেফারি গ্যাব্রিয়েল মুর্তা এক দৌড়ে ড্রেসিংরুম থেকে নিয়ে এলেন পিস্তল। সেটা নিয়েই হুমকি-ধমকি দেওয়া শুরু করলেন। সত্যি সত্যি গুলি ছোড়ার আগেই অবশ্য সহকারী রেফারিরা এসে নিরস্ত করলেন তাঁকে।
গাড়িতে ঘুম
ডারহামের সঙ্গে জিতেছে নটিংহ্যামশায়ার, একটু আগেই শেষ হয়েছে ম্যাচ। মাইকেল হুইটেকারের গাড়িটা রাখা ছিল মাঠের বাইরে। দরজাটা লক করতে ভুলে গিয়েছিলেন। গাড়িতে ওঠার সময় দেখলেন, কে যেন একজন ঘুমিয়ে আছেন। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোন দিলেন পুলিশকে। পরে জানা গেল, এই ঘুমকাতুরে লোকটা নটিংহ্যামশায়ারের জিম্বাবুয়ে ক্রিকেটার ব্রেন্ডন টেলর। পুলিশ, হুইটেকার, টেলর তিনজনই তখন কিংকর্তব্যবিমূঢ়!
অবাক প্রস্তাব
ডেনমার্কে একটা গলফ টুর্নামেন্টে খেলছিলেন গলফার আন্দ্রেয়াস হার্টো। দড়ির ওপাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রেমিকা লুইস। হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে পকেট থেকে আংটি বের করলেন হার্টো, হাঁটু গেড়ে প্রেমিকাকে দিলেন বিয়ের প্রস্তাব। প্রেমিকাও বিস্ময়ে নির্বাক, এমন ক্ষীণ স্বরে ‘হ্যাঁ’ বলেছিলেন যে হার্টো সেটা শুনতেই পাননি!
মায়েদের আয়াক্স
মা দিবসে অনেকেই মায়েদের অনেকভাবে শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছেন। তবে ডাচ ক্লাব আয়াক্সের শ্রদ্ধাজ্ঞাপন ছিল ব্যতিক্রমী। ফুটবল মাঠে খেলোয়াড়দের শিশুদের হাত ধরে ঢোকাটা এখন অলিখিত একটা রীতি। ওই সপ্তাহে ডাচ লিগের ম্যাচে আয়াক্সের খেলোয়াড়দের হাত ধরে মাঠে ঢুকেছিলেন তাঁদের মায়েরা। আইডিয়া বটে!
পপাত ধরণিতল!
২০০ মিটার সোনা জিতেছেন একটু আগে। উসাইন বোল্ট জবাব দিচ্ছিলেন দর্শকের অভিবাদনের, আর তাঁকে ভিডিওবন্দী করছিলেন একজন ক্যামেরাম্যান। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেই ক্যামেরাম্যান ধাক্কা দেন বোল্টকে। সর্বকালের দ্রুততম মানবও ভারসাম্য হারিয়ে ফেলেন। দুজনই একেবারে পপাত ধরণিতল। পরে অবশ্য বোল্ট দুষ্টুমি করে বলেছেন, ‘ও তো আমাকে আরেকটু হলেই মেরে ফেলেছিল। এটা নিশ্চয়ই গ্যাটলিনের কাজ!’
হোটেলে ভূত
বিশ্বকাপ ক্রিকেট চলছে। ক্রাইস্টচার্চের হোটেলে নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার হারিস সোহেল। হঠাৎ তাঁর মনে হলো, কে যেন খাট ধরে ঝাঁকি দিচ্ছে। প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প। পরে যখন দেখলেন, ঘটনা অন্য কিছু, সোহেল ভীষণ ভয় পেয়ে গেলেন। চিৎকার করে ডাকলেন ম্যানেজার নাভিদ আকরামকে। সোহেলের দাবি, ওই কক্ষে অশরীরী কিছু আছে। কিন্তু আসলে কী হয়েছিল? সেটা রহস্যই থেকে গেছে।
অদ্ভুত শাস্তি
দল খারাপ খেলছে, খেলোয়াড়েরাও ভুল করছে। এমন সময় কোচ কী করবেন? স্যার অ্যালেক্স ফার্গুসনের ‘হেয়ার ড্রায়ার’ পদ্ধতিটা অনেকেরই মনে পড়ে যাবে। তবে চেক প্রজাতন্ত্রের বানিক অস্ত্রাভার কোচ রাদোমির কোরিতার আরেক ধাপ এগিয়ে। নিজের অনুশীলন মাঠের অবস্থা একটু খারাপ ছিল। শাবল-কোদাল দিয়ে রীতিমতো মাঠে খোঁড়াখুঁড়ি করিয়েছেন খেলোয়াড়দের দিয়ে। এএফপি, গার্ডিয়ান।